রাজনীতি

বিরামপুরে বিশ্ব ব্যাংক সহায়তায় টেকসই নগর উন্নয়ন কর্মশালা

  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১:০৪:০৮ প্রিন্ট সংস্করণ

বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট–এর আওতায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিরামপুর পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুজহাত তাসনিম আওন। কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, গ্রামীণ ও নগরাঞ্চলের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।

প্রথম পর্যায়ে ছয় বছরে ৮১টি পৌরসভা ও ছয়টি সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হবে, যা দেশের ৩৬টি জেলা জুড়ে বিস্তৃত। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮০১ কোটি ২২ লাখ টাকা। প্রকল্পের আওতায় রাস্তা, ফুটপাত, সড়কবাতি, ড্রেন, পাবলিক টয়লেট, হাটবাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, সুপার মার্কেট ও পৌর ভবন নির্মাণসহ আধুনিক নগরসেবা নিশ্চিত করা হবে।

কর্মশালায় জানানো হয়, প্রকল্প বাস্তবায়িত হলে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মিত হবে। এর মাধ্যমে প্রায় দুই কোটি এক লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন, যার অর্ধেক নারী। একইসঙ্গে সামাজিক ও পরিবেশগত জলবায়ু সহনশীল নগর পরিষেবা এবং নারীর অংশগ্রহণও নিশ্চিত করা হবে।

কর্মশালায় বক্তব্য দেন প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ নুরুল আমিন তালুকদার, নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান ও জুবাইদা পারভীন, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, আর্কিটেক্ট আজমিরা আক্তার ও জেন্ডার বিশেষজ্ঞ সাজেদা বেগম। এছাড়া পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content