প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৬ , ১০:২৯:২৫ প্রিন্ট সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপস্থিত শিক্ষার্থী ও পুলিশের সহায়তায় তাদের আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।
আটককৃতরা হলেন- রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।
পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে শাহবাগ থানায় অধিকতর জিজ্ঞাসাবাদ ও তদন্ত করা হবে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে বিস্ফোরণের ঘটনায় তাদের প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সিনেট ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এরপর প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।





















