স্বাস্থ্য

হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৬ , ৫:৩৩:১৯ প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৭৭ জন। এ ছাড়া হাম শনাক্ত হওয়ার পর ১০৫ জন মারা গেছেন।

বিভাগভিত্তিক হিসাবে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেট বিভাগে মারা গেছেন ২০৬ জন, চট্টগ্রামে ১১৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯০, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৪ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি হয়েছে ৪৬৪ জন, চট্টগ্রামে ২০৪, সিলেটে ১২১, বরিশালে ৯৫, খুলনায় ৯৮, ময়মনসিংহে ৬০, রংপুরে ৩২ ও রাজশাহীতে ৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৪ হাজার ৪৯ জন।

আরও খবর

Sponsered content