খেলা ডেস্ক ॥ ১৪ অক্টোবর ২০২৫ , ৬:১৬:০০ প্রিন্ট সংস্করণ
আশা জাগিয়েও জয় ধরা দিল না বাংলাদেশের মেয়েদের হাতে। নারী ক্রিকেট বিশ্বকাপের রোমাঞ্চকর এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। শেষ ওভারে জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ছিল ৮ রান। বাংলাদেশের হয়ে শেষ ওভারে বল হাতে ছিলেন নাহিদা আক্তার।
ওভারের প্রথম বলেই চার মেরে সমীকরণ সহজ করেন ডে ক্লার্ক। দ্বিতীয় বল ডট খেললেও তৃতীয় বলেই ছক্কা হাঁকিয়ে ৩ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এতে করে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য।
বিশাখাপত্তমে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন শারমিন আক্তার ও স্বর্ণা। স্বর্ণা অপরাজিত ফিফটি করে দলের ইনিংসকে বড় স্কোরে পৌঁছে দেন।
২৩৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলেই উইকেট নেন নাহিদা আক্তার, ফেরান ওপেনার তাজমিন ব্রিটসকে। তবে এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। অধিনায়ক লরা উলভার্ট ৩১ রান করে রান আউট হলে আবারও চাপে পড়ে দলটি।
৭৮ রানের মধ্যেই ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ উইকেটে মারিয়ানা কাপ ও চার্লি ট্রায়ন গড়ে তোলেন ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। কাপ ৫৬ রানে আউট হলেও ট্রায়ন ৬২ রানের ইনিংস খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষদিকে ডে ক্লার্ক ২৯ বলে অপরাজিত ৩৭ রান করে ম্যাচ শেষ করে আসেন।
এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক সাবধানী সূচনা দেন। উদ্বোধনী জুটিতে আসে ফিফটি। ঝিলিক করেন ৫২ বলে ২৫ রান, ফারজানা করেন ৭৬ বলে ৩০।
তিন নম্বরে নামা শারমিন আক্তার ব্যাট হাতে দেখান দৃঢ়তা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে যোগ করেন ৭৭ রানের তৃতীয় উইকেট জুটি। জ্যোতি করেন ৪২ বলে ৩২ রান। পরে শারমিন ফিফটি পূর্ণ করেন ৭৪ বলে, আর তার পরেই ঝড় তোলেন স্বর্ণা—মাত্র ৩৪ বলে ফিফটি করে বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।
শেষ দিকে রিতু মণির ঝড়ো ইনিংস (৮ বলে অপরাজিত ১৯) বাংলাদেশকে নিয়ে যায় ২৩২ রানে। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জয়েই শেষ হয় ম্যাচটি।














