পটুয়াখালী প্রতিনিধি ॥ ১৪ অক্টোবর ২০২৫ , ৬:৫৬:৫৭ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর দশমিনায় একদিনের ব্যবধানে দুই সাবেক উপজেলা চেয়ারম্যান মারা গেছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল হাওলাদার মারা যান।
এর একদিন আগে, ১১ অক্টোবর শনিবার, একই হাসপাতালে চিকিৎসাধীন দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজের মৃত্যু হয়।
ইকবাল হাওলাদার ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ২০২৪ সালে তাকে এবং দেশের অন্যান্য বেশিরভাগ উপজেলা চেয়ারম্যানকে পদচ্যুত করা হয়েছিল।
মৃত্যুকালে ইকবাল হাওলাদারের স্ত্রী, দুই কন্যা, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রয়েছেন। তার মৃত্যুতে দশমিনা সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন শওকত ও সাধারণ সম্পাদক মামুন তানভীর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।















