মোঃ নুরুজ্জামান শেখ স্টাফ রিপোর্টার ২১ নভেম্বর ২০২৫ , ৯:২৩:১২ প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রীয় অঙ্গনে আল্লাহর দেয়া জীবনব্যবস্থা কার্যকরের প্রশ্নে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। শুক্রবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তুলে ধরেন।
ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলিম। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন।” তিনি দাবি করেন, আল্লাহর বর্ণিত জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলেই সমাজে প্রকৃত শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের নামে প্রতারণামূলক রাজনীতি চলে আসছে। ক্ষমতায় যারা এসেছে তারাই জনগণের সাথে স্বেচ্ছাচারী আচরণ করেছে বলে মন্তব্য করেন তিনি। মানুষের হাতে তৈরি কোনো ব্যবস্থাই নির্ভুল নয় উল্লেখ করে তিনি বলেন, “মুক্তির একমাত্র গ্যারান্টি আল্লাহর দেয়া জীবনব্যবস্থা।” তাই জনগণ সেই ব্যবস্থাকে চায় কিনা—এ প্রশ্নে গণভোটের আয়োজনের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী এস এম সামসুল হুদা, সাধারণ ভাইস চেয়ারম্যান রিয়াল তালুকদারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত পিনাকল স্পোর্টস ঢাকা বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনালে মুখোমুখি হয় উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাব ও মতিঝিল স্পোর্টিং ক্লাব। ৪–০ গোলের ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় উত্তরা নবরবি স্পোর্টিং ক্লাব। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।















