প্রতিনিধি ১ নভেম্বর ২০২৬ , ১:৩৪:১০ প্রিন্ট সংস্করণ
ইসলাম ধর্মে জান্নাত হলো মুমিন বান্দার চূড়ান্ত লক্ষ্য ও পরম প্রাপ্তি। পরকালের অনন্ত জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করা প্রতিটি মুসলমানের কাম্য। তবে পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী, সব মানুষ একসঙ্গে জান্নাতে প্রবেশ করবেন না; বরং আমল ও মর্যাদার ভিত্তিতে এর মধ্যে তারতম্য থাকবে।
ইসলামি শরিয়তের প্রামাণিক হাদিস অনুযায়ী, কিয়ামতের দিন সব মানুষের হিসাব-নিকাশ ও বিচারকার্য শেষ হওয়ার পর বিশেষ কিছু গুণ ও বৈশিষ্ট্যের অধিকারীরা সবার আগে জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করবেন। প্রখ্যাত সাহাবি ও হাদিস বিশেষজ্ঞরা বিভিন্ন সূত্রে এমন কিছু শ্রেণির মানুষের কথা উল্লেখ করেছেন, যারা অন্য সাধারণ মুমিনদের তুলনায় সবার আগে জান্নাতের দরজায় উপস্থিত হবেন।
হজরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেন, ‘জান্নাত তোমাদের কারো জুতোর ফিতার চেয়েও বেশি কাছে এবং জাহান্নামও এমনই।’ (সহিহ বুখারি)
এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে , জান্নাত ও জাহান্নাম মানুষের হেঁটে চলা রাস্তার মতোই খুব কাছেই। কারণ, আল্লাহর সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে মানুষ এমন কোনো ভালো আমল করল এবং সে এর মাধ্যমে ধারণাও করেনি যে, তা তাকে কোথায় পৌঁছাবে, কিন্তু দেখা গেল এই আমল তাকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছে দিলো।
আর কোনো সময় এমন একটি অপরাধ করল, যার প্রতি সে ভ্রুক্ষেপও করেনি, অথচ তা এমন গুরুতর ছিলো যে, এই অপরাধ আল্লাহর অসন্তুষ্টির কারণ হলো, ফলে এই অপরাধের কারণে সে জান্নাতের এতো এতো বছরের দূরত্বে নিক্ষিপ্ত হলো অথচ সে জানে না।
কোন ধরনের মানুষ বা কোন আমলে লিপ্ত ব্যক্তিরা সবার আগে জান্নাতে প্রবেশ করবে, এ নিয়ে বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। তিন ধরনের মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করবে বলে এক হাদিসে বর্ণিত হয়েছে, তারা হলেন-
১. আল্লাহর রাস্তায় জিহাদকারী।
২. হারাম থেকে বেঁচে থাকা ব্যক্তি।
৩. আল্লাহর ইবাদতে লিপ্ত চাকর বা কর্মচারী।
এক হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার সামনে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী এমন তিন শ্রেণীর লোককে উপস্থিত করা হয়েছে। তাদের মধ্যে একদল হলো শহীদ; দ্বিতীয় দল হলো, সব সময় হারাম পরিহার করে চলে এবং কোনো অবস্থায় কারও কাছে সহযোগিতার হাত বাড়ায় না; তৃতীয় দল হলো যে চাকর উত্তমরূপে আল্লাহর ’ইবাদাত করে ও মালিকের কল্যাণ সাধনে নিয়োজিত থাকে। (তিরমিজি)















