রাজনীতি

আগামীকাল ন্যাপ চেয়ারম্যান শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ , ৪:১৩:২৪ প্রিন্ট সংস্করণ

আগামীকাল ২৩ আগষ্ট, ২০২৬ মওলানা ভাসানীর রাজনৈতিক উত্তরসূরী, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া‘র জেষ্ঠ্যপুত্র, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি—বাংলাদেশ ন্যাপ‘র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী।

প্রগতিশীল ও গণতান্ত্রিক চেতনার মানুষ, সংগ্রামী ও মেধাবী রাজনীতিক জননেতা শফিকুল গাণি স্বপন ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন রংপুর জেলার আজকের নীলফামারী জেলার সদরে এদেশের রাজনীতির এক উজ্জ্বলতম নক্ষত্র জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ঔরষে জন্ম গ্রহন করেন। মা হচ্ছেন মরহুমা সাবেরা রহমান (ছবি)।

১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মশিউর রহমান যাদু মিয়া মৃত্যুবরণ করলে তিনি রাজনৈতিক দৃশ্যপটে সরাসরি আর্বিভূত হন। পিতার মৃত্যুতে শূন্য আসনের উপ—নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর ও নীলফামারী—০১‘র ডোমার—ডিমলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, বেসামরিক ও বিমান পর্যটন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যু তিনি বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
বাংলা ও ইংরেজী ভাষার অসাধারন দখল থাকার কারনে তিনি বাংলা ও ইংরেজী সংবাদপত্রের জগতে সাপ্তাহিক বঙ্গব্যাপী ও ওইকলি ফ্রাইডে প্রকাশ করেছিলেন। ক্রীড়াঙ্গনেও তিনি যথেষ্ঠ অবদান রেখেছেন। দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব—এর গর্ভনিং বডির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ২৩ আগষ্ট তিনি ইন্তেকাল করেন।

জননেতা শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল রবিবার বাংলাদেশ ন্যাপ’র বিভিন্ন শাখা কমিটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। অন্যদিকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দরখাতা স্বপন মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ করা হবে।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া দলের সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শফিকুল গানি স্বপনের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকল শাখার প্রতি আহ্বান জানান।

আরও খবর

Sponsered content