শারমিন মৌসুমি কেকা। ছবি: সংগৃহীত ১৪ অক্টোবর ২০২৫ , ৬:০৫:৫০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক ॥
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শারমিন মৌসুমি কেকা (৪২)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে লাশ উদ্ধার করা হলেও কেকার মৃত্যু ঘটে বিকেল ৫টার দিকে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শারমিন মৌসুমি কেকা ঝালকাঠি জেলার চাঁদকাঠি এলাকার সেকেন্দার কবিরের মেয়ে এবং বরিশাল নগরীর হিরন আহমেদ লিটুর স্ত্রী।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মাজেদ দৈনিক মতপ্রকাশ-কে বলেন, “সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি একটি কক্ষের ভেতরে কেকার মরদেহ পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, নিহতের শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, কেকাকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে এবং বিষয়টি গোপন রাখতে তারা কাউকে খবর দেয়নি। তারা আরও জানান, কেকার স্বামী লিটু ঘটনার পর একটি রামদা হাতে নিয়ে কক্ষের সামনে বসে ছিলেন এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি।
এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “কেকা নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”




















