কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৬ , ৬:২০:৪৮ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও জানালার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে বাসায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বাসায় তখন কেউ ছিলেন না। হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দাবি করেছেন, হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।
এদিকে শুক্রবার রাতে কলাপাড়ার লালুয়ার পাঞ্জুপাড়া এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে রাব্বি খান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাসীরা আবারও মানুষের জানমাল ও সম্পদের ওপর হামলা ও নাশকতা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এই নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীরা রাজপথে রয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
সভা শেষে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা পৌরশহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মোটরসাইকেল মহড়া করেন।





















