জাতীয়

বেসরকারি ব্যাংকে পরীক্ষা ছাড়া নিয়োগ নয়, প্রজ্ঞাপন জারি

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ৮:১১:২৬ প্রিন্ট সংস্করণ

বেসরকারি ব্যাংকে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া এন্ট্রি পদে (প্রবেশিকা পর্যায়) নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগের পর সার্টিফিকেট বা সনদ যাচাই বাধ্যতামূলক করার পাশাপাশি জাল সনদ ধরা পড়লে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকিং খাতের শৃঙ্খলা, করপোরেট সুশাসন ও গ্রাহকের আস্থা ফেরাতে একগুচ্ছ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। মেধার ভিত্তিতে ব্যাংকে নিয়োগ কার্যকর করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব এন্ট্রি পদের ক্ষেত্রে প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়, যেমন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার কিংবা ক্যাশ অফিসার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও সমান আবেদনের সুযোগ নিশ্চিত করতে হবে। ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা চাকরি খোঁজার প্ল্যাটফর্মের (জব সাইট) দেশের কমপক্ষে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে।

এন্ট্রি পদের ক্ষেত্রে সশরীর উপস্থিতি বা অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে নৈর্ব্যক্তিক অথবা লিখিত পরীক্ষার পাশাপাশি অবশ্যই মৌখিক পরীক্ষা নিতে হবে। এসব পরীক্ষার নম্বরের ভিত্তিতে সবচেয়ে যোগ্য ও মেধাবী প্রার্থীরাই শুধু চাকরি পাবেন। এ ছাড়া অভিজ্ঞদের জন্য এন্ট্রি পদ ব্যতীত অন্যান্য উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণ করতে হবে।

আরও খবর

Sponsered content