সারাদেশ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য’ স্লোগানে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৪:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ

 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সজেকা খুলনা ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন–ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এবং দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল প্রমুখ।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, “পরিবার থেকেই দুর্নীতি প্রতিরোধের চর্চা শুরু করতে হবে। আমরা যদি সময়মতো অফিসে না আসি, সেটাও এক ধরনের দুর্নীতি। দায়িত্ব ঠিকভাবে পালন না করাও দুর্নীতি। সততা, দক্ষতা ও সাহসিকতা থাকলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করতেই হবে, তাহলেই দুর্নীতি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও দুদক সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল।

এ ছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি. এম. মারুফ বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মো. রেজাউল করিম, অ্যাডভোকেট মনিরউদ্দিন, রেবেকা সুলতানা, মো. শাহাবুদ্দিন, একরামুল কবির খান, সাকিবুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. আব্দুল ওহাব আজাদ। বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর

Sponsered content