প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৩:০০:০৫ প্রিন্ট সংস্করণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে এক পোশাক শ্রমিকের মৃত্যুর পর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে মদনপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত এ যানজট দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ‘লারিস ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানার নারী শ্রমিক রিনা আক্তার (৩০) অসুস্থ অবস্থায় ডিউটি করছিলেন। গতকাল সন্ধ্যায় অসুস্থ বোধ করলে তিনি কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন, কিন্তু কর্তৃপক্ষের নির্দেশে তিনি কাজ করতে বাধ্য হন। অতিরিক্ত অসুস্থ হয়ে তিনি মেঝেতে লুটিয়ে পড়লে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় কারখানার মালিকপক্ষকে দায়ী করে শ্রমিকরা সোমবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং মালিকপক্ষের কর্মকর্তাদের গ্রেফতারের দাবি করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের সরিয়ে দেয়। অবরোধের কারণে মদনপুর থেকে ৩-৪ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছিল। যানজট নিরসনে কর্তৃপক্ষ কাজ করছে।
যাত্রীদের মধ্যে কেউ কেউ দীর্ঘ সময় যানজটে আটকে ভোগান্তি বর্ণনা করেন। ঢাকা-সোনারগাঁ রুটে চলাচলকারী যাত্রী আকরাম আলী বলেন, “শুনেছি শ্রমিকরা আন্দোলন করেছেন। এ কারণে দীর্ঘ সময় যানজটে আটকে পড়েছি।”





















