সারাদেশ

পানির নিচে কমলপুর-গোপীনাথপুর এলজিইডি সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ১২:১৪:৪৭ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর-গোপীনাথপুর এলজিইডি সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন অংশ ডুবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

সড়কটি দিয়ে প্রতিদিন কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসা, সাহেবনগর উচ্চ বিদ্যালয় ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। এছাড়াও কমলপুর, গোপীনাথপুর, নয়নপুর, হরিণখোলা, দেবীপুর, কালিকাপুর, ভবানীপুর, শিবনগর ও রামনগর গ্রামের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম এটি।

বর্তমানে সড়কের বিভিন্ন অংশ পানির নিচে থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী এবং সাধারণ মানুষের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে স্থানীয় বাড়ির আঙিনা ও বিকল্প সরু পথ ব্যবহার করে স্কুল ও মাদ্রাসায় যাতায়াত করছে।

স্থানীয় মাদ্রাসার শিক্ষক খোকন মিয়া বলেন, “রাস্তার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছে। দ্রুত পানি নিষ্কাশন ও সংস্কারের ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী মো. রেজাউল নবী বলেন, “তহবিল সংকট থাকায় তাৎক্ষণিকভাবে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত ও সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও খবর

Sponsered content