মাগুরা প্রতিনিধি: ৮ অক্টোবর ২০২৬ , ২:২৮:৪৩ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা আদর্শপাড়া গ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ।
আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত সুনামের মূল্যায়নে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাঁর নিয়োগের খবরে মাগুরা ও শ্রীপুর উপজেলায় আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, সুধীজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
নবনিযুক্ত প্রধান আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বলেন, “জাতীয় ক্রীড়া পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া অত্যন্ত গৌরবের। দেশের ক্রীড়া অঙ্গনের উন্নয়ন, আইনি জটিলতা নিরসন এবং প্রশাসনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে আমি আমার সর্বোচ্চ মেধা, যোগ্যতা ও শ্রম বিনিয়োগ করব। সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, দেশের ক্রীড়া খাতের সার্বিক সংস্কার ও উন্নয়নে আইন বিষয়ক পরামর্শক হিসেবে তিনি কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশাবাদী।





















