সারাদেশ

টেকনাফে অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৬ , ৫:৩৬:১৫ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার তিন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)। তারা সবাই উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী-১৭ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

র‌্যাব-১৫ সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে র‌্যাব-১৫, সিপিসি-১ এর সদস্যরা অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের মুচনী রেজিস্টার ক্যাম্প-১ এর বটগাছতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অপহরণচক্রের সদস্য হাফেজ আহমেদকে (৫৩) আটক করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, গত বৃহস্পতিবার তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন। পরে অপহরণকারীরা তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পাওয়ায় তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অপহরণচক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে এবং উদ্ধার হওয়া তিনজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও খবর

Sponsered content