নাচোলে এআই-তৈরি বিতর্কিত ছবি ছড়ানোর অভিযোগে স্কুলছাত্র আটক
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার ১৫ জুলাই ২০২৬ , ১২:৪২:৫৯প্রিন্ট
সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার অফিসার ইনচার্জ ওসির চেয়ারে বসে টেবিলের ওপর পা তোলা এবং পুলিশ সদস্যদের জোড়হাতে দাঁড়িয়ে থাকার একটি বিতর্কিত (এআই) জেনেরেটেড ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।
আটক স্কুলছাত্র নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে পারভেজ (১৫)। সে মহিপুর এসএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।
ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায়,নাচোল থানার ওসির নেমপ্লেট ও লোগো সংবলিত একটি কক্ষে বসে এক তরুণ টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছেন। আর তার দুইপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে হাত জোড় করে মিনতি করছেন। এই ছবিটি ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে নাচোল থানা পুলিশ।
ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আমার থানায় এই ধরনের কোনো চেয়ার বা পরিবেশ নেই। ছবিটি সম্পূর্ণ কৃত্রিমভাবে (এআই জেনারেটেড) বানানো হতে পারে। তবে পুলিশ প্রশাসনকে এভাবে ব্যঙ্গ করে ছবি তৈরি ও প্রচার করা আইনত অপরাধ। অভিযুক্ত তরুণকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে সাইবার সিকিউরিটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।