কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ১১ জুন ২০২৬ , ১১:৪৮:১৩ প্রিন্ট সংস্করণ
নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রাম থেকে রশিদুল ইসলাম (৫৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের তালেব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সাংবাদিক সাহেব আলীকে রাস্তা থেকে ধরে নিয়ে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে প্রধান আসামি করে আরও তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত রশিদুল ওই মামলার ৪ নম্বর আসামি।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ৮ জুন “কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের পর প্রধান শিক্ষকের উপস্থিতি” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সাহেব আলী। পরদিন তিনি ও ডিআরবি’র সাংবাদিক লিওন মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে তাদের পথরোধ করা হয় বলে অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও তার সহযোগীরা সাহেব আলীকে টেনে-হিঁচড়ে বিদ্যালয়ের সামনে নিয়ে গিয়ে মারধর করেন। এ ঘটনায় ওইদিন রাতেই কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতারের বিষয়টি জেনেছি। অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”




















