প্রচ্ছদ

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মডেল মেঘনা আলম

  বিনোদন প্রতিবেদক: ৩ আগস্ট ২০২৫ , ২:০৯:০৯ প্রিন্ট সংস্করণ

আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম অবশেষে সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দয়াইলানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “উনার (রাষ্ট্রদূত) সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমি লুকোচুরি করছি—বিষয়টা এমন নয়।”

গতকাল (২ আগস্ট) ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেঘনা বলেন, “আট মাস আগে আমাদের পরিচয় হয়। আমার সোশ্যাল মিডিয়াতেই ওনাকে নিয়ে প্রচুর পোস্ট ছিল। এমনকি আমাদের ঘনিষ্ঠ বন্ধু মহলও জানত সম্পর্কের বিষয়টি। তবে যেহেতু তিনি ‘ফেমাস’ কেউ নন, তাই লোকজন তাকে চিনত না এবং কেউ বিষয়টি নিয়ে প্রশ্নও তুলতো না। এখন যেহেতু মিডিয়ায় নিউজ হচ্ছে, সবাই জানতে পারছে।”

সম্পর্কের শুরু প্রসঙ্গে মেঘনা জানান, সৌদি আরবের নতুন শহর উন্নয়নের প্রেক্ষাপটে পরিচয় ঘটে রাষ্ট্রদূতের সঙ্গে। তিনি বলেন, “আমি নারী অধিকার এবং জলবায়ু নিয়ে কাজ করি। সৌদি আরব আধুনিক ভাবমূর্তি গড়তে চাচ্ছিল। তখন ওনার একজন বন্ধু আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এটা কোনো রোম্যান্টিক পরিচয় ছিল না, ছিল পেশাদার আলাপ।”

তিনি আরও বলেন, “প্রথম দেখা হয় সৌদি আরবে এক অনুষ্ঠানে। সেদিন ওনার পক্ষ থেকে আমার প্রতি আগ্রহ তৈরি হলেও আমি তখন তা জানতাম না। আমি শুধু হায়-হ্যালো করেছি। জানতাম না, এই মানুষটা একসময় আমার জীবনের অংশ হয়ে উঠবে।”

মেঘনা জানান, অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত তার মোবাইল নম্বর ও ঠিকানা সংগ্রহ করে যোগাযোগের চেষ্টা করেন। “আমি অপরিচিত নম্বর রিসিভ করিনি। পরে আমি নিজেই ওনাকে বিজনেস কার্ড পাঠাতে বলি। এরপর উনি ওনার পরিচিতদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে থাকেন। অবশেষে কফি ডেটের জন্য আবদার করেন।”

বিশ্বাস গড়ার সেই মুহূর্তটি স্মরণ করে মেঘনা বলেন, “একটা সময় তিনি আমার আঙুলে হীরার আংটি পরিয়ে দেন। তখন বলেন, ‘আমি তোমাকে রেস্পেক্ট করি, বিশ্বাস করি এবং তোমার দায়িত্ব নিতে চাই।’ তবে আমি সেই আংটি তখনই ফিরিয়ে দিই। এর অনেকদিন পর তিনি আবারও অনুরোধ করেন যেন আমি শেষবারের মতো তার সঙ্গে দেখা করি। সেই থেকেই ধীরে ধীরে আমাদের সম্পর্ক এগিয়ে যায়।”

মেঘনা আলম জানান, পুরো বিষয়টি খোলাখুলি ছিল, কিন্তু আলোচনার কেন্দ্রে আসার পর অনেকেই এখন অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন। তবে তিনি চান, বিষয়টি নিয়ে যেন ভিন্নরকম ব্যাখ্যা না তৈরি হয়।

আরও খবর

Sponsered content