জাতীয়

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন যারা

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ , ৭:১৪:২৮ প্রিন্ট সংস্করণ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যাংকার সেলিম বারকাত এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসইর ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় তারা স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।

সেলিম বারকাতের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত সিটিব্যাংক এনএ বাংলাদেশের বিভিন্ন দায়িত্বে ছিলেন। পরে ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপের জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে দেশে ফিরে তিনি হাবিব ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার রিজিওনাল জেনারেল ম্যানেজার হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের কার্যক্রম তদারকি করেন। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে তিনি ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের (FinExcel) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। প্রায় তিন দশকের সামরিক কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, সামরিক পরিচালনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া জাতিসংঘের অধীনে দুটি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা, সামরিক নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক পরিচালনায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা ডিএসইর পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং পুঁজিবাজারের সুশাসন ও অংশীজনদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

আরও খবর

Sponsered content