প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ , ২:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ
ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন। মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস। এর আগে গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা একটি স্মারকলিপিতে সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও নাগরিকদের লক্ষ্য করে ইরানের হামলার পরিকল্পনা অগ্রসর পর্যায়ে রয়েছে। স্মারকলিপিটি দেখেছে রয়টার্স।
গত আগস্ট থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ পরিচালনা করছেন বেসেন্ট। জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরানকে চাপ দেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত বন্ধ রয়েছে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের পাশাপাশি অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকের শাখা এবং ইরানের সঙ্গে লেনদেনে সহায়তাকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র ই-মেইলে পাঠানো বিবৃতিতে বলেছেন, ইরানি সরকারের হুমকিতে বেসেন্ট দমে যাবেন না। তিনি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাস্তবায়ন এবং নৌ অবরোধ বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এসব পদক্ষেপের ফলে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে বলেও দাবি করেন তিনি।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, গত জানুয়ারিতে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিশ্চিত হওয়ার পর বেসেন্ট ওয়াশিংটনের জর্জটাউনে ১ কোটি ২৫ লাখ ডলারে একটি প্রাসাদোপম বাড়ি কেনেন। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বাড়িটির ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করে। ওই ছবির মাধ্যমে বাড়িটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লে তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।
ওই সূত্র আরও বলেছে, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি বাড়তে থাকায় সংবাদমাধ্যমের দায়িত্বশীল আচরণ করা উচিত।
তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কর্মকর্তা ও নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আগেও অস্বীকার করেছে ইরান। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্রসহ বিদেশের বিভিন্ন ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত।
উল্লেখ্য, চলমান যুদ্ধে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলি অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। অন্যদিকে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।





















