মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৯ জানুয়ারি ২০২৬ , ১:৪৯:১৩ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে জন্মদাতা পিতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মামা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শেখ আহমদ বুলুর ছেলে শেখ জামাল ওরফে আলমের বিরুদ্ধে নিজ কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৫ নভেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত প্রায় দুই মাসের বেশি সময় ধরে ভুক্তভোগীর সম্মতি ছাড়াই এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ জামাল ওরফে আলমের সঙ্গে প্রায় ২৩ বছর আগে গাজীপুর জেলার তালতলী গ্রামের আবু তাহেরের কন্যা নার্গিস আক্তারের বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ছোট কন্যা এই ঘটনার শিকার। জন্ম থেকেই ভুক্তভোগী কিশোরী বাকপ্রতিবন্ধী।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত বছরের ১০ নভেম্বর আলম তাঁর স্ত্রীকে গাজীপুরে পাঠিয়ে দেন এবং কন্যাকে বাড়িতে রেখে দেন। পরবর্তীতে ওই সময়ের মধ্যেই অভিযোগকৃত ঘটনাগুলো ঘটে বলে দাবি করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।




















