আন্তর্জাতিক

ইউক্রেনে টানা ৬ দিনের রুশ হামলা, নিহত ৯

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ১:৪৯:৪৬ প্রিন্ট সংস্করণ

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জনের বেশি। মঙ্গলবারের এই হামলা নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো কিয়েভে রুশ হামলা হলো বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কিয়েভে নিহত হয়েছেন আটজন এবং আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে তিন শিশু রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বেশ কয়েকটি স্থানে আগুনও ছড়িয়ে পড়ে।

কিয়েভ অঞ্চলের বোরিসপিল এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে একটি আবাসিক ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। সেখানে একজন নিহত এবং শিশুসহ আরও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর তিমুর তাকাচেঙ্কো।

প্রতিদিনের এসব হামলায় কিয়েভ ও আশপাশের অঞ্চলের লাখো মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। মঙ্গলবার ভোরে ইউক্রেনের অধিকাংশ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সীমান্ত এলাকা ছাড়াও দেশটির জ্বালানি ও সরবরাহ অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। মঙ্গলবারের হামলায় দানিউব নদীর তীরে ইউক্রেনের ওর্লিভকা সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই সীমান্ত দিয়ে রোমানিয়া যাতায়াত করা হয়।

এদিকে রাশিয়াতেও ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ রপ্তানি বন্দর উস্ত-লুগা এলাকায় ড্রোন হামলার পর আগুন ধরে যায়। একই সময়ে মস্কোও ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করেছে।

মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সামারা অঞ্চলেও বিমান হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। ওই অঞ্চলে রাশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার রয়েছে।

রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। হামলায় ক্ষয়ক্ষতির এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

আরও খবর

Sponsered content