বিনোদন

তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি: সানী

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ , ১২:৫২:০৯ প্রিন্ট সংস্করণ

সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাকে উদ্দেশ্য করে গতকাল সোমবার (১৩ জুলাই) ফেসবুকে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। যেখানে তিনি সানীকে নব্বই দশকে সিনেমার পর্দায় মৌসুমীর হাতে চাবুকের মার খাওয়ার কথা মনে করিয়ে দেন!

বলেন, ‘নব্বই দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি!’ জয়ের এই পোস্ট মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এবার জয়ের সেই কথার জবাব দিলেন ওমর সানী। গতকালই দিবাগত রাতে ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’

পোস্টের শেষে ওমর সানী অবশ্য জুড়ে দিয়েছেন ‘সাবজেক্ট খেলাধুলা ফান’। তবে মন্তব্যঘরে অনুরাগীরা ঠিকই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে বিভক্ত! কেউ-বা নব্বই দশকের জনপ্রিয় এই নায়কের কথায় রসিকতা করছেন! আবার কেউ ওমর সানীর কড়া সমালোচনা করতেও পিছপা হচ্ছেন না!

নেটিজেনদের একজন লিখেছেন, ‘চাবুক অরিজিনালটাই লাগবে! চামড়া মোটা!’ রসিকতার সুরে একজন বলছেন, ‘লিডার চালিয়ে যান। পুরো পৃথিবী আপনার বিপক্ষে থাকলেও, আমি পৃথিবীর পক্ষেই আছি!’

বলা দরকার, মূল বিতর্কের সূত্রপাত হয় ওমর সানীর একটি সাম্প্রতিক ভিডিও থেকে। সেখানে তিনি বলেন, ‘মেসি একজন প্রতিবন্ধী। মেসি আমার প্রিয় খেলোয়াড় ছিল। কিন্তু একটা সময় তার জনপ্রিয়তা থাকবে না। দিনদিন তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। আর্জেন্টিনা দলেরও জনপ্রিয়তা কমতে শুরু করেছে।’

আরও খবর

Sponsered content