বিনোদন

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৪:২০:৫৩ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের শিল্পী রুনা লায়লা। তবে পাকিস্তান ও ভারতেও তার খ্যাতি কম নয়। ফলে ভারতের অনেক কিংবদন্তির সঙ্গেও তার সখ্য। এর মধ্যে অন্যতম আশা ভোঁসলে। এই নন্দিত সংগীতশিল্পীর সঙ্গে রুনা লায়লার দীর্ঘদিন ধরে সখ্য ছিল। সে বন্ধন ছিন্ন হয়ে যায় এ বছরের এপ্রিলে, আশার প্রয়াণে।

আশা চলে গেলেও তার হাজারো গান রয়ে গেছে মানুষের মনে। রুনা লায়লার সুরেও একটি গান গেয়েছিলেন আশা। সেই গান রেকর্ডিংয়ের স্মৃতি সামনে আনলেন রুনা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে ভিডিওটি পোস্ট করেছেন কিংবদন্তি এ শিল্পী।

তাতে রুনার সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব নিয়ে কথা বলেন আশা। ‘আভি না যাও ছোড় কার’ গায়িকা বলেন, ‘তাকে বললাম, তোমার মতো এসব হরকত (অলংকার) আমি পারব নাকি! শুনে সে হেসে দিলো। সে (রুনা লায়লা) আমার খুব ভালো বন্ধু। একটি কাজের সুবাদে আমরা এক-দেড় মাসের মতো দুবাইতে ছিলাম। ওই সময়ে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। মাঝে মাঝে ইচ্ছে করে, ঢাকায় গিয়ে ওর সঙ্গে বসে খাবার খাব। কিন্তু এখান থেকে সময় বের করা বেশ মুশকিল।’

সবশেষে গান রেকর্ডিং নিয়ে মন্তব্য করেন, ‘আমি যে গান গাইছি, এটা সে (রুনা) নিজেই বানিয়েছে। আমি চেষ্টা করব, ভালো গাওয়ার।’

আশা ভোঁসলের কথার রেশ ধরে রুনা লায়লা জবাব দেন, ‘এখানে সন্দেহের কোনো অবকাশই নেই। আপনাদের কাছ থেকেই তো আমরা শিখেছি সব, এখনো শিখছি। হরকতের (অলংকার) যে কথা বললেন, সেগুলোও তো আপনাদের কাছ থেকে শিখেছি। আমার মতো হাজার, লাখো মানুষ শিখছে।’

স্মৃতিময় ভিডিওটির সঙ্গে রুনা লায়লা ক্যাপশনে লেখেন, ‘কয়েক বছর আগের কিছু আনন্দময় মুহূর্ত। প্রিয় আশা দিদি ও আমি একসঙ্গে আমাদের ছোট্ট প্রজেক্টটি নিয়ে কথা বলছিলাম। তিনি যখন গানটির জন্য রাজি হয়েছিলেন, সেই মুহূর্তের আনন্দ-উচ্ছ্বাস আমার আজও মনে আছে। কতো ইচ্ছে ছিল, আমরা একসঙ্গে আরও অনেক গান করব। স্মরণীয় কিছু সৃষ্টি করার সুযোগ করে দেওয়ার জন্য আমি দিদির কাছে সত্যিই কৃতজ্ঞ। আপনাকে (আশা ভোঁসলে) খুব মনে পড়ে। আপনি যেখানে থাকুন শান্তিতে থাকুন।’

বছর সাতেক আগে ‘লেজেন্ডস ফরএভার’ নামে একটি প্রজেক্ট করেছিলেন রুনা লায়লা। এতে তার সুরে গান গেয়েছিলেন উপমহাদেশের চার কিংবদন্তি শিল্পী। আশা ভোঁসলে ছাড়াও এতে গান করেন রাহাত ফতেহ আলি খান, হরিহরণ ও আদনান সামি। এতে আশার গাওয়া গানটির শিরোনাম ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’। এর কথা লিখেছেন কবির বকুল।

আরও খবর

Sponsered content