প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ , ৩:১১:০৬ প্রিন্ট সংস্করণ
শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু করেছিলেন সিমরিন লুবাবা। অভিনয় দিয়ে বেশ সুনামও কুড়িয়েছেন। কিন্তু হঠাৎ বিনোদনজগৎ থেকে বিদায় নেন এই শিল্পী। বর্তমানে ধর্মীয় অনুশাসন মেনে চলা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় মনোযোগী লুবাবা। এবার তিনি সবাইকে সতর্ক করলেন, দিলেন হুঁশিয়ারিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সিমরিন লুবাবা স্পষ্ট জানিয়েছেন, তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম বা প্রতিষ্ঠান যেন পুরোনো ছবি ব্যবহার করে সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা না চালায়।
তিনি আরও লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নই এবং দ্বীনের বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলতে চাই। তাই আমার পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ আমার সম্মতির পরিপন্থী।’
এ ধরনের অনুরোধ উপেক্ষা করা হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। লুবাবার ভাষ্য, তার অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেবেন তিনি।
শুধু আইনি সতর্কবার্তাই নয়, বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তুলে ধরেছেন এই সাবেক শিশুশিল্পী। তিনি লিখেছেন, ‘আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক।’
সবশেষে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও ধর্মীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে সিমরিন লুবাবা বলেছেন, তার অনুমতি ছাড়া যেন কোনো ছবি ব্যবহার করা না হয়।















