আইন-আদালত

চিকিৎসকের ওপর হামলার মামলায় দুই আসামি তিন দিনের রিমান্ডে

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ৮:১৭:৪৩ প্রিন্ট সংস্করণ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার মামলায় দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন সানি সাহা ও ফাহিম ইসরাক লাবিব।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ আগস্ট শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে নিজ বাসা মোহাম্মদপুরে ফিরছিলেন অধ্যাপক আসাদুর রহমান। সিএনজিতে করে যাওয়ার সময় পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকায় তার গাড়ির গতিরোধ করা হয়।

অভিযোগে বলা হয়, জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জন আগে থেকেই পরিকল্পনা করে তার সিএনজিচালিত অটোরিকশাটি থামায়। পরে তারা চিকিৎসককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ফেলেন। একপর্যায়ে জীবন ওরফে আদিল ডা. আসাদুর রহমানের ডান চোখে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর জখম হন।

ঘটনার পর গত ১৮ আগস্ট পল্টন থানায় অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান নিজে বাদী হয়ে মামলা করেন।

আরও খবর

Sponsered content