আইন-আদালত

বিএনপিকে সন্তান মনে করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

  নিজস্ব প্রতিবেদক: ২৮ অক্টোবর ২০২৫ , ৫:১৩:০৭ প্রিন্ট সংস্করণ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সন্তানস্বরূপ মনে করে দলকে ঐক্যবদ্ধ ও নিরাপদ রাখতে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “মনোনয়ন নিয়ে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের জয় ছিনিয়ে আনতে হবে।”

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার তিনি চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি এবার প্রায় ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে আগামী সপ্তাহেই তালিকা ঘোষণা করবে।

সভায় তারেক রহমান বলেন, “একটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে, কিন্তু দল একজনকেই মনোনয়ন দেবে। অন্য সবাইকে ঐ প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “বিএনপি তথা ধানের শীষ একটি পরিবার, এটি আমাদের সন্তান। এটিকে বিভক্ত করে নয়, ঐক্যবদ্ধ রেখেই নিরাপদ রাখতে হবে।”

খালেদা জিয়ার ত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “খালেদা জিয়া যদি গণতন্ত্র ও দেশের জন্য কারাগারে যেতে পারেন, তবে আমাদেরও ত্যাগ স্বীকার করতে হবে। তিনি ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েও দেশে ফিরে এসেছেন, ছয়বার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন।”

তারেক রহমান আরও বলেন, “গত ১৭ বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের ত্যাগকে স্মরণ করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়লে সভাস্থলে উপস্থিত অনেক নেতাই চোখ মুছতে থাকেন।

সভায় অংশগ্রহণকারী নেতারা জানান, তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন— এক আসনে একজন প্রার্থীই মনোনয়ন পাবেন, তবে যারা মনোনয়ন পাবেন না, তাঁদের দল মূল্যায়ন করবে। তিনি সম্ভাব্য ষড়যন্ত্রের বিষয়েও সতর্ক করে নেতাদের ভুল-ত্রুটি এড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

তাঁর নির্দেশনায় মনোনয়নপ্রাপ্তদের আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করার অনুরোধও জানানো হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বক্তব্য দেন। সঞ্চালনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট বিভাগ থেকে ৬৬ জন, রাজশাহী থেকে ১০০ জন এবং বরিশাল বিভাগ থেকে প্রায় ৭০ জন মনোনয়নপ্রত্যাশী সভায় অংশ নেন।

ঢাকা বিভাগের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, “তারেক রহমানের আবেগঘন বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের অনেকের চোখে পানি চলে আসে।”

আগামী সপ্তাহের মধ্যেই প্রথম ধাপের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে সূত্রটি জানিয়েছে।

আরও খবর

Sponsered content