আইন-আদালত

দুই মামলায় রিজেন্টের সাহেদ গ্রেপ্তার

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ , ৫:০৫:২৩ প্রিন্ট সংস্করণ

এনআরবি ব্যাংকের ঋণ খেলাপির দুই মামলায় করোনা মহামারির সময়ে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট কেলেঙ্কারিতে আলোচিত রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার অর্থঋণ-৪ আদালতের বিচারক মো. মোশাররফ হোসেন এ আদেশ দিয়েছেন।

সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ( সোমবার) দুই মামলায় সাহেদের জামিন আবেদন করা হয়েছিল। তবে অর্থঋণ আদালতের বিধান অনুযায়ী, ঋণের অর্থের ২৫ শতাংশ জমা দিতে না পারায় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এ আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব।’

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালে রিজেন্ট হাসপাতালের নামে এনআরবি ব্যাংক থেকে এক কোটি ৫১ লাখ ৮১ হাজার টাকা ঋণ নেন সাহেদ। এ ছাড়া তার ৫ লাখ ৫৫ হাজার টাকার একটি ক্রেডিট কার্ড সুবিধাও গ্রহণ করা হয়। দীর্ঘদিনেও ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ না করায় ২০২১ সালে এনআরবি ব্যাংক দুটি মামলা দায়ের করে। বর্তমানে সুদ-আসল মিলিয়ে ব্যাংকের দাবি দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকা।

মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় ২০২৫ সালের ৪ মে ঢাকার ৫ম যু্গ্ম মহানগর দায়রা জজ তাকে এক বছরের সাজা দেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২০ জুলাই সকালে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও খবর

Sponsered content