মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২১ জুলাই ২০২৫ , ৯:৩৫:০০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম স্থানীয়দের বাধার মুখে পড়েন। এ সময় তার ওপর শারীরিক হামলার চেষ্টাও করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে ও তার টিমকে নিরাপদে উদ্ধার করে।
সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, পরমানন্দপুর গ্রামের মোছা: তারা চান বেগম ও সেরু মিয়ার মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। আদালত সম্প্রতি উক্ত রাস্তা থেকে প্রতিবন্ধকতা সরিয়ে দিতে নির্দেশ দেন, যা বাস্তবায়নের দায়িত্ব পড়ে তার ওপর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তিনি পুলিশ ও সংশ্লিষ্টদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে গ্রামের কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সরকারি কাজে বাধা দেয় এবং তাকে ঘিরে ধরে হামলার চেষ্টা চালায়। তিনি আরও বলেন,
“পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর একটি টহল দল এসে আমাদের নিরাপদে উদ্ধার করে।”
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন:
আবুল খায়েরের ছেলে সাদ্দাম হোসেন (২৫)
আব্দুল আলীর ছেলে শিরু মিয়া (৪০)
ইব্রাহিম মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (৩৫)
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মকর্তার ওপর হামলার চেষ্টার অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।




















