ফরহাদ ফকির আল তৌফিকী,কাপাসিয়া, গাজীপুর ৭ মার্চ ২০২৬ , ৫:৪৪:৫৮ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর এলাকায় মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ব্যতিক্রমধর্মী আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সবুজে ঘেরা ধানের ক্ষেতের মাঝখানে হিজলগাছের স্নিগ্ধ ছায়াতলে এই আয়োজন করে ভাওয়াল যুব কল্যাণ সংগঠন।
সংগঠনের কার্যালয়ের পূর্ব পাশে টেকের নিচে বিস্তৃত ধানের জমির মাঝে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় যুবক ও সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চারদিকে সবুজ ধানক্ষেত, হালকা বাতাস ও প্রকৃতির শান্ত পরিবেশে সারাদিন রোজা রাখার পর এমন মনোরম পরিবেশে ইফতার করা উপস্থিত সবার জন্য ভিন্নধর্মী ও প্রশান্তিদায়ক অনুভূতি এনে দেয়।
অংশগ্রহণকারী যুবকদের মতে, প্রকৃতির এত কাছাকাছি বসে একসাথে ইফতার করা তাদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও আত্মিক প্রশান্তি আরও বাড়িয়ে দিয়েছে।
ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজ উন্নয়ন, যুবসমাজের ঐক্য এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক তৌফিক সুলতান (মোঃ তৌফিক হোসাইন)। তিনি বলেন, প্রকৃতির মাঝে যুবকদের এই মিলনমেলা প্রমাণ করে যে ঐক্যবদ্ধ হলে তরুণ সমাজ যেকোনো ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
তিনি আরও বলেন, ভাওয়াল যুব কল্যাণ সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক উদ্যোগ—যার লক্ষ্য যুবকদের মানবিক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। সামনে সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন বলেন, একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অপরিহার্য। তিনি যুবকদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সমাজকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় সংগঠনের সদস্য মাহফুজ, জাহিদ, মোঃ ফয়সাল, রিফাত ও নাহিদসহ অন্যান্য যুবকরাও বক্তব্য দেন। তারা বলেন, এ ধরনের আয়োজন যুবসমাজের মধ্যে ইতিবাচক চিন্তা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে সহায়ক।
সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ফকির বলেন, যুবকদের নেতৃত্ব বিকাশ, সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নতুন উদ্যোক্তা তৈরি করাই সংগঠনের মূল লক্ষ্য।
পরে ইফতারের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি-সমৃদ্ধি, সমাজের কল্যাণ এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করা হয়।
সবুজ ধানের ক্ষেত ও হিজলগাছের ছায়ায় আয়োজিত এই ইফতার মাহফিল উপস্থিত যুবকদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি করেছে বলে জানান আয়োজকরা।





















