আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ফসফরাস গোলা ব্যবহারের অভিযোগ

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৪১:৪৫ প্রিন্ট সংস্করণ

দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে গোলাবর্ষণের সময় ইসরায়েলি বাহিনী ফসফরাসযুক্ত গোলা ব্যবহার করেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।

শুক্রবার নাবাতিয়েহ জেলার জাওতার আল-শারকিয়াহ, মায়ফাদুন ও নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে। নাবাতিয়েহ আল-ফাওকায় ফসফরাস গোলা ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে একই ধরনের গোলা ব্যবহার করে জাওতার আল-শারকিয়াহ এলাকায় আবারও হামলা চালানো হয়।

এ ছাড়া টায়ার জেলায় ওয়াদি জিবকিন এবং হারিস ও হাদাথা এলাকার উপকণ্ঠেও গোলাবর্ষণ করা হয়েছে।

এদিকে মারজায়ুন ও বিন্ত জবেইল জেলার মাজদাল সেলম ও আল-গান্দুরিয়াহ এলাকায় দুটি অবিস্ফোরিত ইসরায়েলি বিমানবোমা উদ্ধার করেছে লেবাননের সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। পরে বোমা দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত এবং ১২ হাজার ৪০৭ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

জুনে স্বাক্ষরিত একটি কাঠামোগত সমঝোতায় লেবাননের দখল করা ভূখণ্ড থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা রয়েছে। এর বিনিময়ে ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তবে ওই সমঝোতা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

 

আরও খবর

Sponsered content