মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৪:২৩ প্রিন্ট সংস্করণ
রাজশাহী নগরীতে একাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একটি কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটে কাশিয়াডাঙ্গা থানা এলাকার হরগ্রামে। অভিযুক্ত আহাদুজ্জামান নাজিম ওই এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক। তিনি রাজশাহীর একটি ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবেও কর্মরত বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে কোচিং সেন্টারে পাঠদানকালে অভিযুক্ত শিক্ষক একাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে মারধর করে থানায় হস্তান্তর করেন।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দাবি, এর আগেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। স্থানীয়দের ভাষ্যমতে, ২০২১ সালের ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছিল।
এ বিষয়ে মো. ফরহাদ আলী, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), জানান— “ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক রাখা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





















