স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ১৪ জানুয়ারি ২০২৬ , ৭:৪৪:২৫ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে চাকরির প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রের সদস্য শাহানুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগী ইশরাত জাহানের পরিবার মহা বিপাকে পড়েছে। ইশরাত জাহান এই সংক্রান্ত অভিযোগ ঝিনাইদহ সদর থানায় দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আইনুদ্দিনের ছেলে শাহানুর রহমান (৩৮) বিভিন্ন এলাকার লোকজনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ করতেন। প্রতারক শাহানুর ইশরাত জাহানের স্বামী আবু লাছকে তথ্য অধিদপ্তরে ক্লারিক্যাল পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা গ্রহণ করেন। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তি করা হয়।
পরে প্রতারক শাহানুর চাকরির কোনো ব্যবস্থা না করলে ইশরাত জাহান তাঁর কাছে টাকা ফেরত চাইলে, তিনি বিভিন্ন প্রকার তালবাহানা করে টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এক পর্যায়ে ইশরাত ও তার স্বামী আবু লাছ শ্বশুরের জমি বিক্রি করে আবু লাছকে কুয়েতে পাঠান। তবুও শাহানুর ফেরত দেননি। ৯ জানুয়ারি ২০২৬ তারিখে ইশরাত স্বাক্ষীদের সঙ্গে শাহানুরের বাড়িতে গিয়ে টাকা ফেরতের অনুরোধ করলে তিনি খুন-জখমের হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দেন।
স্থানীয়রা জানায়, ঘটনার বিষয়ে অনেকেই অবগত। ইশরাত জাহান দাবি করেন, প্রতারক চক্রের সমস্ত সদস্যদের আইনের আওতায় আনা উচিত, যাতে ভবিষ্যতে কেউ প্রতারিত না হয়।
জানা গেছে, চাকরি প্রতারণা চক্রের সাথে এনায়েতপুরের শাহানুর ছাড়াও চুয়াডাঙ্গা জীবননগর এলাকার ইনজামামুল হক ও বোয়ালখালীর ফরিদপুর এলাকার সবুজ কুমার জড়িত। সরকার পরিবর্তনের আভাস পেয়ে শাহানুর কুমিল্লার দেবিদ্বার এলাকায় একটি প্রাইভেট কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়েছেন। অপরদিকে ইনজামামুল হক ঢাকায় সরকারি শিল্প মন্ত্রণালয়ের অধীনে এমআইএস বিভাগে ডাটা অ্যানালিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।
শাহানুর রহমান ও ইনজামামুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করা হয়নি।
ঝিনাইদহ সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই শিশির জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















