হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তের দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সাতছড়ি বিওপির একটি টহল দল সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সেগুন বাগান এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে আসা কয়েকজন মাদক পাচারকারী বস্তাভর্তি মালামাল নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। পরে পাচারকারীরা বস্তাগুলো ফেলে বনের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৪ কেজি গাঁজা ও ১৫ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এ পর্যন্ত ৯৯ কেজি গাঁজা, ১২ বোতল মদ ও ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।