প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৬ , ১২:০৫:১০ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা সার্কিট হাউজে বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রবের কারণ দেখিয়ে রাত্রিযাপন না করেই চলে গেছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।
দলীয় সূত্র জানায়, ১১-দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. তাহের। তার রাত্রিযাপনের জন্য আগে থেকেই সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ নম্বর কক্ষটি বরাদ্দ রাখা হয়েছিল।
নেতাকর্মীদের অভিযোগ, রাত ১০টার দিকে ডা. তাহের ওই কক্ষে গিয়ে দেখতে পান কক্ষের চারপাশ, ব্যবহারের আসবাবপত্র ও কম্বলে উইপোকার উপদ্রব। পরিস্থিতি দেখে তিনি দায়িত্বে থাকা কর্মচারীকে দ্রুত কক্ষ পরিবর্তন এবং নতুন একটি কম্বলের ব্যবস্থা করতে বলেন। তবে তাৎক্ষণিকভাবে এর কোনো সুরাহা করা হয়নি।
দীর্ঘ সময় অপেক্ষা করার পরও বিকল্প কক্ষ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সার্কিট হাউস ত্যাগ করে অন্যত্র রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা। ঘটনার পর সার্কিট হাউসের ওই কক্ষের উইপোকা ছড়িয়ে থাকার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান। তিনি বলেন, ‘কুমিল্লা সার্কিট হাউজের মতো জায়গায় চরম অব্যবস্থাপনার বিষয়টি খুবই দুঃখজনক।’
অভিযোগের বিষয়ে জানতে শনিবার সকাল ৮টার দিকে কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সরকারি ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, নতুন এই সার্কিট হাউসে আরও একাধিক কক্ষ খালি ছিল। অন্য একটি কক্ষের চাবি আনতে কিছুটা দেরি হওয়ায় তিনি সার্কিট হাউস ত্যাগ করেন।





















