সারাদেশ

ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে আগুন

  নওগাঁ প্রতিনিধি: ২৩ আগস্ট ২০২৬ , ১০:৫১:৪৭ প্রিন্ট সংস্করণ

 নওগাঁর মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে এবাদুরের বাড়িতে ভীমরুলের উপদ্রব দেখা দিলে তা দূর করতে চাক পোড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এ সময় অসাবধানতাবশত আগুন ঘরের চাল ও আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে গেলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পরিবারটি রক্ষা পেয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফরহাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভীমরুলের চাক পোড়াতে গিয়ে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরও খবর

Sponsered content