অপরাধ

টেকনাফে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

  কক্সবাজার প্রতিনিধি, ১১ অক্টোবর ২০২৬ , ১২:২৮:৪০ প্রিন্ট সংস্করণ

 

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে এক লিটার দেশীয় মদসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও উনচিপ্রাং এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অস্থায়ী চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালায়। এ সময় একটি কালো রঙের হাইয়েস গাড়ি থেকে ২০০ মিলিলিটারের পাঁচটি বোতলে মোট এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা ১২ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরীর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ১২ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) নথিভুক্ত করা হয়েছে।

আরও খবর

Sponsered content