অপরাধ

পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  রুকুনুজ্জামান প্রতিনিধি পার্বতীপুর (দিনাজপুর): ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৪:১৯:২৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে। রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, পার্বতীপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন আরিফ হোসেনের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-০৪, তারিখ ২৩/০৯/২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(খ) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content