সারাদেশ

ভোট কেন্দ্রে ধানের শীষে সিল মেরে ফেসবুকে আপলোড আ: লীগ নেতার

  বনানী (ঢাকা) প্রতিনিধিঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২২:৩৪ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া নিয়ে প্রথমে নিষেধাজ্ঞা জারি করলেও পরে শর্তসাপেক্ষে ভোটারদের মোবাইল বহনের অনুমতি দেয় নির্বাচন কমিশন (ইসি)। শর্ত ছিল—মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে, তবে গোপন কক্ষে কোনোভাবেই ছবি তোলা যাবে না।

কিন্তু ঢাকার বনানীতে ভোটগ্রহণ চলাকালে মোবাইল ফোনে ব্যালটের ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু ভোটার গোপন কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করে পছন্দের প্রতীকে সিল দেওয়ার পর সেই ব্যালটের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

দৈনিক মতপ্রকাশের হাতে আসা তথ্য ও ছবি যাচাই করে জানা গেছে, মো. সবুজ নামে এক ব্যক্তি ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া একটি ব্যালট হাতে নিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে শেয়ার করেছেন। ভিডিওতে তার গলায় একটি পরিচয়পত্র ঝুলতে দেখা যায়। বিষয়টি নিয়ে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ন্ত্রণ ও প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা হলেও বর্তমানে নিজেকে বিএনপি সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে এসব দাবি সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এবং গোপন কক্ষে ছবি তোলা সম্পূর্ণ বেআইনি। তবে ভিড়ের সুযোগে কেউ কেউ গোপনে মোবাইল নিয়ে বুথে প্রবেশ করছেন, যা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

নির্বাচন কমিশনের নীতিমালা ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, গোপন কক্ষে ছবি বা ভিডিও ধারণ শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে ইসি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো তাদের নজরে এসেছে। প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে ঘটনাস্থলে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় সাধারণ ভোটারদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content