অপরাধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ২৮ নভেম্বর ২০২৫ , ৬:৪৩:০৭ প্রিন্ট সংস্করণ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে ভারত থেকে অস্ত্রগুলো আনা হয়েছিল।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল চকপাড়া সীমান্তের ১৮৩/৪ এস পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২৫ গজ ভেতরে পাগলা নদীর তীর থেকে তিনটি বিদেশি ওয়ান-শ্যুটারগান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে ভারত থেকে এসব অস্ত্র আনা হয়েছিল।”

তিনি জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান রোধে গত এক মাস ধরে নজরদারি আরও জোরদার করা হয়েছে, এবং জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করছে বিজিবি।

বিজিবির সরবরাহকৃত তথ্য অনুযায়ী, গত তিন বছরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে ৩০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৯২ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় মোট ১৫ জনকে আটক করা হয়।

আরও খবর

Sponsered content