মো. অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ২৪ এপ্রিল ২০২৬ , ৮:২২:০১ প্রিন্ট সংস্করণ
সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। একটি শ্রমিক সংগঠনের আকস্মিক কর্মবিরতির ফলে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে জেলার সঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যের বাস যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরিবহন শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে চাঁদা আদায় নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। উভয় সংগঠনের বিরুদ্ধে বাস থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে, যা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন,
“দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূতভাবে নির্ধারিত হারে চাঁদা আদায় করছিল। কিন্তু হঠাৎ করে মোটর শ্রমিক ইউনিয়নের নামে শহরের হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা আদায় শুরু হয়। এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে।”
তিনি আরও বলেন, সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এবং টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোনো এখতিয়ার অন্য সংগঠনের নেই।
অন্যদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন,
“আমরা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছি। ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন তাদের নির্ধারিত যানবাহনের পাশাপাশি বাস থেকেও চাঁদা নিচ্ছে, যা অনুমোদিত নয়।”
সার্বিক বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দুই পক্ষের বিরোধ মেটাতে পুলিশ বৈঠকের আয়োজন করলেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে বিষয়টি সমাধানে চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না—এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।




















