প্রতিনিধি ২৮ জুলাই ২০২৬ , ১২:৩২:০২ প্রিন্ট সংস্করণ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে তার কার্যক্রম শুরু করেছেন ।দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কর্মদিবস।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যায়। পরে পিজিআর-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
আনুষ্ঠানিকতা শেষে হাফিজ উদ্দিন আহমদ তার কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।
সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম।
প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুপুর ২টার মধ্যে তার বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।





















