মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি : ২১ জুলাই ২০২৬ , ৬:৫৮:৫০ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাঘা উপজেলার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন আরিফপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮)।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে পরিবারের সদস্যরা মনিরুল ইসলাম ও তার স্ত্রীকে ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে সন্দেহ হলে পাশের একটি কক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করেন তারা। সেখানে বিছানার ওপর দুজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
খবর ছড়িয়ে পড়লে বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক জানান, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া মরদেহের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।















