সারাদেশ

লালপুরে তিন ফসলি জমিতে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা

  লালপুর (নাটোর) প্রতিনিধি: ১১ জুন ২০২৬ , ১১:১৪:৪৩ প্রিন্ট সংস্করণ

নাটোরের লালপুর উপজেলায় কৃষি জমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিলে বুধবার (১০ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বসন্তপুর বিলে আইন অমান্য করে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সাইফুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।

তিনি বলেন, “ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই বরদাশত করা হবে না। কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান এবং নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content