প্রতিনিধি ২৮ জুলাই ২০২৬ , ১:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সকলকে সাথে নিয়ে মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে গড়ে তুলতে চাই, এটা ছাড়া মাদক নির্মুল করা সম্ভব নয়।’
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,’শুধুমাত্র আইন করে, শাস্তি দিয়ে মাদক নির্মুল করা সম্ভব নয়। যত সরকারি কর্মকর্তা আছেন, স্কুল কলেজ, রাজনীতিবিদরা আছেন, সাংবাদিকরা আছেন সকলকে নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে ঠাকুরগাঁওয়ে যে প্রদক্ষেপ নিতে যাচ্ছি সেগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব।’
মন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁও যে পদক্ষেপগুলো আমরা নিতে যাচ্ছি, সেই পদক্ষেপের ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। আমরা চাই এ ব্যাপারে সকলে ইতিবাচক ভূমিকা পালন করবেন।’
এ সময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















