হুমায়ুন কবির , রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:০৬:০৩ প্রিন্ট সংস্করণ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা এলাকার বন্দর চৌরাস্তা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। অভিযানকালে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচজন ব্যবসায়ীকে পৃথক মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ব্যবসায়ীদের একাধিকবার সতর্ক করার পরও নির্ধারিত নিয়ম না মানায় তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং পাকা ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসন জানায়, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও সহনীয় রাখতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে রাণীশংকৈল থানা পুলিশ-এর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে প্রশাসন নিশ্চিত করেছে।





















