কৃষি বার্তা

বাঘায় নারীর আর্থিক ক্ষমতায়নে ব্র্যাকের ওরিয়েন্টেশন

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৫ , ১২:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) উদ্যোগে লিগ্যাল এইডের মাধ্যমে টাকা প্রাপ্ত নারী ক্লায়েন্টদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় ব্র্যাক বাঘা প্রশিক্ষণ হল রুমে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। উপজেলা সেলপ অফিসার মো. মোমিনুল ইসলামের পরিচালনায় প্রধান রিসোর্স হিসেবে উপস্থিত ছিলেন কর্মসূচির রাজশাহী বিভাগীয় ডেপুটি ম্যানেজার (মনিটরিং, ইভাল্যুয়েশন, একাউন্টাবিলিটি অ্যান্ড লার্নিং—মিল) বিনাতন প্যাড্রিক টুডু। সার্বিক সহযোগিতায় ছিলেন সিও-সেলপ বাঘার মো. মমিনুল ইসলাম।

ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী ভুক্তভোগী নারীরা আর্থিক ব্যবস্থাপনার ঝুঁকি চিহ্নিতকরণ, আয়বর্ধক কাজ বা ক্ষুদ্র বিনিয়োগে যুক্ত হওয়ার গুরুত্ব ও উপায় অন্বেষণ, এবং অতীতের নেতিবাচক অভিজ্ঞতা কাটিয়ে উঠে মনোবল বৃদ্ধি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে দিকনির্দেশনা পান।

ডেপুটি ম্যানেজার (মিল) বিনাতন প্যাড্রিক টুডু বলেন, “সম্পদের মালিকানায় নারীর প্রবেশাধিকার, পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বৃদ্ধিতে অর্থনৈতিক ক্ষমতায়নের বিকল্প নেই।” তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ জীবনসংগ্রামে পিছিয়ে পড়া নারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনে নির্যাতনের শৃঙ্খল ভেঙে নতুন উদ্যোমে জীবন শুরু করতে অনুপ্রেরণা দেবে।

পরিশেষে অংশগ্রহণকারীদের সরকারি-বেসরকারি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার ধরন ও মাসিক পারিবারিক বাজেট প্রণয়নের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ওরিয়েন্টেশনে অনুভূতি প্রকাশ করেন ভুক্তভোগী তাহমিনা খাতুন, রিয়া খাতুন, মিম খাতুনসহ অনেকে। অংশগ্রহণকারীরা এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আরও খবর

Sponsered content