মাসুম বিল্লাহ, শেরপুর: ১২ আগস্ট ২০২৫ , ৭:২৪:৪৪ প্রিন্ট সংস্করণ
শেরপুর পৌরসভার ধুনট রোডের তালতলা এলাকায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট আশিক খান এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফরহাদ কীটনাশক এন্ড বীজ ভান্ডারে নিষিদ্ধ কার্বোফুরানসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেড ও উন্মুক্ত কীটনাশক পাওয়া যায়। বালাইনাশক আইন ২০১৮-এর ২৯ ধারা মোতাবেক দোকান মালিক তবিবর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত আলামত কৃষি অফিসের তত্ত্বাবধানে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”















