প্রচ্ছদ

মান্দায় জমি বিরোধে হামলা, বৃদ্ধা আহত, স্বর্ণ ও নগদ লুটের অভিযোগ

  নওগাঁ প্রতিনিধি: ১০ আগস্ট ২০২৫ , ১:৩৫:৫৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধা নারী আহত হয়েছেন। এসময় ঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া দক্ষিণপাড়ার মৃত লহির উদ্দিন শাহের ছেলে ভুক্তভোগী মো. মকবুল হোসেন মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি রাজশাহী জুট মিলে সহকারী জুট অফিসার হিসেবে কর্মরত। চাকরির কারণে রাজশাহীতে অবস্থান করেন, আর তার বৃদ্ধা মা মোছাঃ মরিয়ম বেগম বাড়িতে একা থাকেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন মকবুল হোসেনের বসতবাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরে ঢুকে ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে তার মাকে কুপিয়ে আহত করে।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—মো. তৌফিকুল ইসলাম মিলন (৩৩), মো. আবু হাসান (৪০), মো. আঃ রহিম (৬৫), মোছাঃ হাসিনা বেগম (৫৮) ও মোছাঃ নাইস (৩৩)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

হামলার সময় টিনের চাল, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ আছে। এছাড়া ঘরের ছোট বাক্স থেকে প্রায় ৩ ভরি ৫০ আনা স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৫ লাখ ৯৫ হাজার টাকা), নগদ ৬০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।

মকবুল হোসেন জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন। অপরদিকে, অভিযুক্ত মো. আঃ রহিম শাহ দাবি করেন, “জমি সংক্রান্ত বিরোধে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে আমি আমার অংশ বুঝে নিতে এমনটি করেছি। তবে লুটপাটের অভিযোগ সঠিক নয়।”

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content